কর্ণফুলীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ:
কর্ণফুলী নদীতে জাহাজে তেলের ট্যাংকারে ওয়েল্ডিং করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ নজরুল ইসলাম সাদ্দামের (৩৫) মরদেহ উদ্ধার করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ব্রিজঘাট এলাকার ৩নং পয়েন্ট থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির বাড়ির আবুল হাশেমের ছেলে।

বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ‘সাদ্দামের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের চরপাথরঘাটার ২ নম্বর ওয়ার্ডের লেবুরঘাট এলাকায় ভাসমান তেলের ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দেন শ্রমিকেরা। পরে স্থানীয় মাঝিরা নদী থেকে দুই জনকে উদ্ধার করলেও সাদ্দামকে খোঁজে পাওয়া যায়নি। ওই সময় মো. জিসান (২১) নামে এক শ্রমিক নিহত হন। তিনি পটিয়ার তেকোটা এলাকার জসিম উদ্দীনের ছেলে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.