কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন

ওয়ান নিউজ ডেক্সঃ কক্সবাজার শহরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন হয়েছে। এরমধ্যে একজনকে কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।

বুধবার (৫ সেপ্টেম্বর) শহরের আদালত চত্বর ও বড়বাজারের চাউল বাজার এলাকায় পৃথক এঘটনা দুটি ঘটে।

সোমবার দুপুর ২টার দিকে কক্সবাজার জেলা আইনজীবী ভবনের সামনে আদালত চত্বরে কামাল উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।নিহত কামাল হোসেন সদর উপজেলার পিএমখালী ডিকপাড়ার মৃত মোহাম্মদ নাছিমের ছেলে ও পিএমখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত চত্বরে কয়েকজন লোকের সাথে কথা কটাকাটি হয় কামাল উদ্দিনের। এক পর্যায়ে তারা কামাল উদ্দিনকে লাথি ও ঘুষি মারে। লাথি ও ঘুষির আঘাতে মাটিতে লুটে পড়লে দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তার পরিবার সূত্রে জানা গেছে, ঝিলংজা ইউনিয়নের লিংকরোড় মুহুরীপাড়া এলাকার খলিলুর রহমান ওরফে খলিল মাস্টার নামে এক ব্যক্তির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে কামাল উদ্দিনের। এরই সূত্রধরে বুধবার দুপুরে খলিল মাস্টারের নেতৃত্বে তার ছেলে আজিজুর রহমান, কফিল উদ্দিন ও বুলবুল আহমেদ তাকে পিটিয়ে হত্যা করে।

এদিকে বুধবার বিকাল চারটার দিকে শহরের চাউলবাজারে আবু তাহের (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবু তাহের শহরের সমিতিপাড়া মোস্তাকপাড়া এলাকার মনসুর মিয়ার ছেলে।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ আপন হোসেন মানিক বলেন, বিকাল সাড়ে চারটার দিকে আবু তাহের নামে ওই ব্যক্তিকে আনা হয়। হাসপাতালে পৌছার সাথে সাথে তার মৃত্যু হয়। তাকে গলায় ছুরিকাঘাত করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পৃথক ঘটনায় দুই জন খুন হয়েছে। উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, একজনকে আদালত চত্বরে মারধর করে খুন করা হয়েছে। পরিবারের দাবী অনুযায়ী হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। কিন্তু ছুরিকাঘাতে নিহত ব্যক্তির উপর হামলাকারীর বিষয়ে এখনো জানা যায়নি। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.