এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট শিকারি যারা

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সবচেয়ে জনপ্রিয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটীয় টুর্নামেন্ট হলো এশিয়া কাপ। ১৯৮৪ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সর্বপ্রথম এশিয়া কাপের আয়োজন করে। এরপর থেকে এক এক করে ১৩টি আসর সম্পন্ন হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপের ১৪ তম আসর। এবারের আসরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতসহ মোট ৬টি দল অংশগ্রহণ করছে।
এসকল দলে রয়েছেন মুস্তাফিজুর রহমান, রশীদ খান, লাসিথ মালিঙ্গার মতো বেশ কয়েকজন বিশ্ব বিখ্যাত বোলার। যারা এবারের এশিয়া কাপে ব্যাটসম্যানদের জন্য বিপদজনক হয়ে উঠতে পারেন। আবার দলগত দিক থেকে বিচার করলে ৬টি দলের মধ্যে বাংলাদেশ , ভারত এবং পাকিস্তানের বোলিং লাইনআপই সবচেয়ে বেশি শক্তিশালী, তবে আফগানরাও কম নন।

আজকে আলোচনা করা হলো , এবারের এশিয়া কাপের সম্ভাব্য ৫ জন সর্বোচ্চ উইকেট শিকারি বোলারকে নিয়ে। তবে চলুন জেনে নিই সেই ৫ জন বোলার সম্পর্কে।

১. রশীদ খান (আফগানিস্তান)

রশীদ খান বর্তমানে আফগানিস্তানের সেরা স্পিনার এবং জনপ্রিয় এক ক্রিকেটার। আফগানিস্তানের এই তরুণ উদীয়মান লেগস্পিনার আইসিসির ওডিআই বোলিং র‌্যাংকিংয়ে ২ নম্বরে এবং টি-টোয়েন্টিতে ১ নম্বরে অবস্থান করছেন।

রশীদ খান আফগানিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০টি উইকেট সংগ্রহ করেন। তিনি এখন পর্যন্ত মাত্র ৪৭ টি ওয়ানডে ম্যাচ খেলে ১০৪টি উইকেট সংগ্রহ করেছেন। এ বছর আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়েও মাঠ কাঁপিয়েছেন তিনি। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে তিনি ৮টি উইকেট লাভ করেন। যেহেতু আরব আমিরাতের পিচ স্পিন সহায়ক, তাই এবারের এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হতে পারেন রশীদ খান।

২. মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ)

নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে বলা হয় বাংলাদেশের পেস বোলারদের পথপ্রদর্শক। তিনি বাংলাদেশের সবচেয়ে সফল ওডিআই অধিনায়কও বটে।

২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। ক্যারিয়ারের প্রাথমিক বছরগুলো রঙিন হলেও পরবর্তীতে ইনজুরির কারণে খেলা থেকে দূরে থাকতে হয়েছে অনেক দিন। এরপর পুনরায় ২০১২ সাল থেকে দলের হয়ে নিয়মিত খেলে আসছেন মাশরাফি এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে একের পর এক সাফল্য, ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বেই ওয়ানডে বিশ্বকাপে প্রথম বারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করে বাংলাদেশ।

মাশরাফির নেতৃত্বে সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেই সিরিজের ৩ ম্যাচে ৭টি উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। চলতি এশিয়া কাপের প্রথম ম্যাচেও মাশরাফি ২টি উইকেট লাভ করেছেন। তাই মাশরাফি যদি তার ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে তিনিও হতে পারেন এবারের এশিয়া কাপের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলার।

৩. লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

লাসিথ মালিঙ্গা শ্রীলঙ্কার অন্যতম সেরা একজন পেস বোলার। তিনি তার বিশেষ ধরনের বলের জন্য পুরো ক্রিকেট বিশ্ব জুড়ে স্লিঙ্গা মালিঙ্গা নামে পরিচিত। ২০০৪ সালের ১১ জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু হয় মালিঙ্গার।
মালিঙ্গা ২০০৭ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে পরপর চার বলে চার উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন। এছাড়াও ওয়ানডে ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে সর্বোচ্চ ৩ টি হ্যাটট্রিকের মালিক তিনি।

বেশ কিছুদিন ইনজুরির কারণে দলের বাইরে থাকার পর এবারের এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা দলে জায়গা করে নিয়েছেন তিনি। এবং প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৪ টি উইকেট লাভ করেন। তাই এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকাতে মালিঙ্গার নামটি উপরের দিকেই থাকতে পারে।

৪. মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)

কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান বাংলাদেশ ক্রিকেট দলের এক তরুণ উদীয়মান বাঁহাতি মিডিয়াম পেস বোলার। খুব অল্প সময়ের মধ্যেই ওয়ার্ল্ড ক্লাসিক বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোস্তাফিজুর রহমানের। সেই ম্যাচে তিনি ২টি উইকেট লাভ করেন এবং তার প্রথম শিকার হন কিংবদন্তি ব্যাটসম্যান শহীদ আফ্রিদি।

এরপর একই বছর ১৮ জুন ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় এবং অভিষেক ম্যাচেই তিনি ৫ টি উইকেট লাভ করেন। এরপর দ্বিতীয় ম্যাচে ৬টি উইকেট নিয়ে বিশ্বের একমাত্র বোলার হিসেবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ১১ টি উইকেট পাওয়ার গৌরব অর্জন করেন।

এছাড়াও ২০১৬ সালে আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে আলো ছড়ান মোস্তাফিজুর। সেই টুর্নামেন্টে মোট ১৬ টি উইকেট নিয়ে হায়দ্রাবাদকে ট্রফি জেতাতে অনবদ্য ভূমিকা রাখেন তিনি। কিন্তু পরবর্তীতে ইনজুরির কারণে কিছুদিন ভালো খেলতে না পারলেও বর্তমানে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। গত জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ৫টি উইকেট লাভ করেন। এবং এবারের এশিয়া কাপের প্রথম ম্যাচেই দুটি উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান।

৫. হাসান আলী (পাকিস্তান)

হাসান আলী বর্তমানে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা পেস বোলার। বর্তমানে তিনি আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।

হাসান আলী পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ওয়ানডে ক্রিকেটে ৫০টি উইকেট নিয়েছেন। এছাড়া তিনি ২০১৭ সালে আইসিসির চ্যাম্পিয়ন ট্রফিতে ১৩টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন। তাই এবারের এশিয়া কাপে উইকেট শিকারি বোলারদের প্রতিযোগিতার দৌড়ে তিনিও থাকবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.