এমপি মোসলেমের অপেক্ষায় সেতু বন্ধ, দগ্ধ শিশুর ছটফট

ডেস্ক নিউজ:
কালুরঘাট সেতু দিয়ে স্থানীয় এমপি মোছলেম উদ্দীন পার হবেন, যাবেন উপজেলা কৃষি অফিসের একটি মতবিনিময় সভায়। তাই বন্ধ রাখা হয়েছে একপাশের যানচলাচল। সেতুর পূর্ব প্রান্তে (বোয়ালখালী অংশে) শতশত যানবাহন ও মানুষের ভীড়ের মাঝে সিএনজি অটোরিকশাতে আটকে ছিল দগ্ধ এক শিশু।

আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে নেয়া হচ্ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। উপস্থিত জনতা ও স্বজনদের আকুতি-মিনতি করেও পার হতে পারল না দগ্ধ শিশুটিকে বহনকারী সিএনজি অটোরিকশাটি। তখনো সকাল সাড়ে দশটা। অথচ এমপির অনুষ্ঠান দুপুর ১২টায়, সেতু পার হলেন ১১.৪৫ মিনিটে। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে দগ্ধ শিশুটিকে জ্বালা পোড়া শরীর নিয়ে কাতরাতে হয় ওই স্থানেই।

পুলিশ, টোল কর্তৃপক্ষ, স্থানীয় এমপি কেউই কিছুই জানেন না। রবিবার (১৭ জানুয়ারি) এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব গোমদন্ডী মীরপাড়ার এনামুল হকের ৬ বছরের শিশু কন্যা তানজিনা হক গরম পানির পাতিলে পড়ে সারা শরীর ঝলসে যায়। সকাল ১০ টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এনামুল হক মেয়েকে বাঁচাতে সিএনজি অটোরিকশায় চমেক হাসপাতালের দিকে ছুঁটতে থাকেতন। কিন্তু বাঁধসাধে কালুরঘাট সেতুতে যানজট ও ভিআইপি পারাপার।

এ বিষয়ে টোল অফিসে কর্মরত ম্যানেজার নিজাম উদ্দীন জানান, সকালের শিফটে দায়িত্বে তিনি ছিলেন না। তাই এ বিষয়ে কিছু জানেন না। তবে বোয়ালখালী থানা পুলিশ পরিচয় দিয়ে এমপি পার হওয়ার ঘটনার কথা জানানো হয়। তাই সেতু বন্ধ রাখতে নির্দেশ দেন বলে সকালের দায়িত্বে থাকা ম্যানেজার নুর উদ্দীন জানান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। টোল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এমপি’র প্রটোকলের দায়িত্বে ছিলেন থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান।

বোয়ালখালী থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আল আমান এ বিষয়টি অস্বীকার বলেন, ‘এমপি স্যারের সঙ্গে থাকা লোকজনরাই সেতু বন্ধ রাখার নির্দেশ দেন। পুলিশ কখনো সেতু বন্ধ রাখার নির্দেশ দেননি।

চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দীন বলেন, বিষয়টি তিনি জানেন না। তবে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা খুবই অমানবিক ও দুঃখজনক। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.