একই পরিবারের ৪জনের মৃত্যুর ঘটনায় দুটি মামলা

ওয়ান নিউজঃ কক্সবাজার শহরে হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের বাবা-মা ও দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে হত্যা ও অপমৃত্যু ধারায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালে সুরতহাল ও ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়ক সংলগ্ন শিয়াইল্ল্যা পাহাড় এলাকায় হিন্দু সম্প্রদায়ের একই পরিবারের বাবা-মা ও দুই কন্যা শিশু সন্তানের  রহস্যজনক মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে ভেতর থেকে বন্ধ থাকা দরজা ভেঙে বাসায় ঢোকে। একটি কক্ষে খাটের উপর শোয়া অবস্থায় মা ও দুই শিশু সন্তানের লাশ এবং আলাদা আরেক কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত বাবার লাশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, স্ত্রীকে গলাটিপে ও দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার গৃহকর্তা নিজে আত্মহত্যা করেছেন।

ওসি রণজিত বলেন, বুধবার সন্ধ্যায় লাশ উদ্ধারের পর পুলিশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। রাতে সুরতহাল শেষ করা হয়। বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের পর বৃহস্পতিবার বিকেলে পুলিশ বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা আইনে একটি এবং অপমৃত্যু আইনে একটি মামলা করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।

তদন্ত করে পরিকল্পিত হত্যা কি না- তা নিশ্চিত হওয়ার পর মামলা সংশ্লিষ্ট ধারায় বিচারে যাবে বলে জানান ওসি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.