উখিয়ার পূর্ব রত্নাপালং-এ প্রবাসীর বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের লাশ উদ্ধার

আনচার উল্লাহ,
উখিয়া, কক্সবাজার।

কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন রত্নাপালং ইউনিয়নের পূর্ব রত্না গ্রামে একই পরিবারের ৪জনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ ২৬শে সেপ্টেম্বর এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পূর্ব রত্না গ্রামের মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬৫), কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৪), শিশু রবিন বড়ুয়া (৫) ও শিশু সনি বড়ুয়া (৬)।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ২৬ সেপ্টেম্বর সকালে রোকেন বড়ুয়ার বাড়ির রুমের জানালা দিয়ে গলাকাটা অবস্থায় মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়ার লাশ দেখতে পেলে সাথে সাথে উখিয়া থানায় খবর দেয়, পরে বাড়ির ভিতরের অন্য একটি রুমে রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া, শিশু অমিন বড়ুয়া ও শিশু সনি বড়ুয়াসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে এই হত্যাকান্ড সংগঠিত করা হয়েছে। তবে কে বা কারা এই হত্যা কান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায় নি।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ৪টি লাশ উদ্ধার করা হয়েছে, ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে, তবে কে বা কারা এই হত্যাকান্ডডে জড়িত তা এখনও বলা যাচ্ছে না, তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো; কামাল হোসেন ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নিকারুজ্জামান চৌধুরী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.