ওয়ান নিউজঃ উখিয়া-টেকনাফ কি অবশেষে প্রথম মন্ত্রী পেতে যাচ্ছে, এমন প্রশ্ন জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে। কক্সবাজার-৪ আসন দীর্ঘদিন ধরে সীমান্ত, রোহিঙ্গা সংকট, মাদকবিরোধী অভিযান ও ভূরাজনৈতিক কারণে গুরুত্বপূর্ণ হলেও স্বাধীনতার পর এই অঞ্চল সরাসরি মন্ত্রিসভায় প্রতিনিধিত্ব পায়নি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে এবং সাধারণ ভোটারদের মধ্যেও নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির প্রার্থী, সাবেক হুইপ ও চারবারের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জেলা পর্যায়ে প্রভাব, কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সুসম্পর্ক এবং নির্বাচনী ধারাবাহিকতা তাকে বিশেষভাবে লক্ষ্যণীয় প্রার্থী হিসেবে তৈরি করেছে।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী মনে করেন, শাহজাহান চৌধুরী শুধু দলের সিনিয়র নেতা নন, তিনি কক্সবাজার জেলার রাজনীতিরও অন্যতম অভিজ্ঞ ব্যক্তি। সীমান্ত এলাকার গুরুত্ব বিবেচনায় কেন্দ্র যদি কাউকে অগ্রাধিকার দেয়, তিনি হতে পারেন সেই মুখ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বলেন, তিনি সাতবার নির্বাচনে অংশ নিয়ে চারবার সংসদ সদস্য হয়েছেন, রাজনৈতিক উত্থান-পতন পেরিয়ে এখনো মাঠে সক্রিয়। এমন ধারাবাহিকতা খুব কম নেতার রয়েছে।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান সিদ্দিকী বলেন, ওয়ান-ইলেভেনের সময় যখন দলের অনেকেই নিষ্ক্রিয় ছিলেন, তখন শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে থেকে সংগঠন পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা জাতীয় পর্যায়ে বিবেচিত হতে পারে।
সম্প্রতি উখিয়ার কোটবাজারে অনুষ্ঠিত শাহজাহান চৌধুরীর জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ উপস্থিত হয়ে বলেন, শাহজাহান চৌধুরী একজন বর্ষীয়ান নেতা। তিনি কক্সবাজার জেলা বিএনপির দীর্ঘদিনের সভাপতি, আমার বড় ভাই। তিনি বারবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন, জাতীয় সংসদের হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাকে আবার নির্বাচিত করলে তিনি আরও বেশি সম্মানিত হবেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.