ইরানের হামলা থেকে বাঁচতে ইরাকের সাহায্য চায় যুক্তরাষ্ট্র!

ওয়ান নিউজ ডেক্সঃ  বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের সঙ্গে নতুন করে বিরোধে জড়ানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। গত কয়েকদিনে ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকটি ঘাঁটিতে হামলা হয়েছে। এসব হামলার জন্য দীর্ঘদিনের শত্রু ইরানকে দায়ী করছে মার্কিন প্রশাসন। আর হামলা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র ইরাকের সাহায্য চায়।

স্বয়ং মার্কিন সামরিক বাহিনীর কমান্ডার কেনেত ম্যাকাঞ্জির বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল ইন্টারেস্ট।

গত বুধবার (১১ মার্চ) ইরাকে অবস্থিত মার্কিন নেতৃত্বাধীন জোটের তাজি ঘাঁটিতে রকেট হামলা চালায় বিরোধীরা। এতে দুজন মার্কিন ও একজন ব্রিটিশ সেনা নিহত হন। এই হামলার জন্য দীর্ঘদিনের শত্রু ইরানকে দায়ী করে মার্কিন প্রশাসন। এ জন্য প্রতিশোধ নিতে সিরিয়া ও ইরাকে ইরানি কমান্ডার ও যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী। তবে তাতে ইরানের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অন্যদিকে শনিবার (১৪ মার্চ) ইরাকের তাজি ঘাঁটিতে ফের অভিযান চালায় মার্কিন জোটের বিরোধীরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন মার্কিন জোটের তাজি ঘাঁটিতে ৩৩টি রকেট নিক্ষেপ হয়েছে। তাও আবার দিনের বেলাতেই। এবারও যথারীতি ইরান সমর্থিত যোদ্ধাদের দায়ী করে মার্কিন প্রশাসন।

এসব বিষয়ের দিকে ইঙ্গিত করে সোমবার (১৬ মার্চ) কেনেত ম্যাকাঞ্জি বলেছেন, ইরান সমর্থিত যোদ্ধারাই ইরাকে মার্কিন জোটের ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরাকের উচিত এসব হামলা ঠেকাতে মার্কিন জোটকে সাহায্য করা। ইরাক সরকারের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত।

এ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, ইরাককে সন্ত্রাসমুক্ত করতেই মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা দেশটিতে অবস্থান করছে। আশা করি, ইরাকি সেনারা হামলাকারীদের খুঁজে বের করতে সব ধরনের সাহায্য করবে। যুক্তরাষ্ট্র কোনো সংঘাত চায় না। তবে নিজেদের স্বার্থে আঘাত আসলে মার্কিন প্রশাসন তা সহ্য করবে না।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.