ডেস্ক নিউজ:
নানা অনিয়ম-দুর্নীতি ও ইউনিয়ন পরিষদের প্রকল্প লুটের অভিযোগে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের নেতৃত্বে একটি টিম সকাল ১১টায় বটতলী ইউনিয়ন পরিষদে সরেজমিনে তদন্তে আসেন।
এসময় দুদকের মু্খোমুখি হন চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী। পরে দুদকের টিম চেয়ারম্যান মান্নান ও ইউপি সদস্যদের সাথে নিয়ে অভিযোগকৃত প্রকল্পগুলো পরিদর্শনে যান।
জানা গেছে, ৪নং বটতলী ইউনিয়নের ৭, ৮, ৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রওশন আক্তার মুন্নীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে আসেন দুদক। অভিযোগ উঠা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে শাহ্ মোহছেন আউলিয়া সড়ক, পশ্চিম বৈরিয়া সড়ক, পূর্ব বৈরিয়া সাপমারা খালের পাইপ কালভার্ট, পূর্ব বৈরিয়া মাহাবুব আলী সড়ক।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদক টিম প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে এবং এলাকার সাধারণ জনগণের মতামত গ্রহণ করা হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী বলেন, ‘অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম পরিদর্শনে এসেছে। সত্য ঘটনা উৎঘাটন হবে। এসব অভিযোগ ভিত্তিহীন ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.