আমরা আপনার শত্রু নই, শত্রু আপনার ঘাড়ে বসে আছেঃ বাবুনগরী
শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে।
নিজস্ব প্রতিবেদকঃ ‘আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার ঘাড়ে বসে আছেন। যারা কোনো ধর্ম মানে না, যারা নাস্তিক তারাই ইসলামের শত্রু। তারাই আপনার শত্রু’ বলে মন্তব্য করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ বাবুনগরী।
চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সামনে শুক্রবার জুমার নামাজের পর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
গত রোববার হরতালে দেশের বিভিন্ন এলাকায় হেফাজতের তাণ্ডবের দিন তাদের ওপর আক্রমণের পাল্টা অভিযোগ এনে এই বিক্ষোভ করে সংগঠনটি।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী কেউ আলেম নয়। কোনো পীর আউলিয়া তাকে হত্যা করেনি। তাকে হত্যা করেছে তার আশপাশে থাকা লোকজন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলব, আপনি আপনার শত্রুকে চিনে নিন।’
ডাকবাংলো চত্বরের সামনে সমাবেশে বাবুনগরী বলেন, ‘সরকার আমার নামে অনেক মামলা দিয়েছে। আরও মামলা দিতে পারে। আমি জেলে গিয়েছি। তাই আমি জেলখানায় যেতে ভয় পাই না। যে কোনো মুহূর্তে জেলখানায় যেতে আমি প্রস্তুত আছি।’
গত সপ্তাহে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনায় হেফাজত কর্মীদের বেপরোয়া হামলার পর পুলিশের সংঘর্ষে গুলিতে নিহতরা সংগঠনের কর্মী জানিয়ে বাবুনগরী বলেন, ‘যেসব হেফাজতের নেতাকর্মী শহিদ হয়েছেন, তাদের ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। ছাত্রলীগ, পুলিশের হামলায় হেফাজতের যেসব নেতাকর্মী আহত হয়েছেন তাদের সুচিকিৎসা দায়িত্ব সরকারকে নিতে হবে।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.