আফগান ক্রিকেটকে পূর্ণ সমর্থন দেবে তালেবান

আফগান ওয়ানডে অধিনায়কের সঙ্গে তালেবানের সাক্ষাৎ

ক্রীড়া ডেস্ক:
তালেবানের হাতে আফগানিস্তান চলে যাবার পরে বারবার শঙ্কা জাগছিল, কি হতে যাচ্ছে রশিদ-নবীদের ক্রিকেটে? অবশ্য শুরুতেই অঙ্কুরিত সেই শঙ্কা অনেকটা উড়িয়ে দিয়েছিলেন তালেবানের মুখপাত্র। তার ইতিবাচক বক্তব্যের পর আবার শঙ্কার মেঘ পুঞ্জিভূত করে বোর্ডে অস্ত্র হাতে তালেবানের উপস্থিতি। তবে নতুন করে শুরু হওয়া ক্রিকেট নিয়ে শঙ্কা গুড়িয়ে দিল তালেবানরাই। তারা জানাল, ক্রিকেটের প্রতি সম্পূর্ণ সমর্থন আছে তাদের।

রবিবার তালেবান নেতা আনাস হাক্কানি আফগান ওয়ানডে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে আরও উপস্থিত ছিল ক্রিকেটার নুর আলি জাদরান এবং সাবেক বোর্ড সিলেকশন কমিটির চেয়ারম্যান আসাদুল্লাহ খান।

সূত্র জানায়, তালেবান নেতারা অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদির সঙ্গে দেখা করেন এবং আফগান ক্রিকেট দলের সমস্যার কথা শোনেন। তখন তারা আশ্বস্ত করেন যে, তালেবানের আফগান ক্রিকেটের প্রতি পূর্ণ সমর্থন আছে।

এর আগে, তালেবান নেতারা আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগর আফগানের সঙ্গেও বৈঠক করেন। শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, তালেবান নেতাদের সঙ্গে আসগর আফগানের খাবার খাচ্ছে এবং তাদের সঙ্গে সেলফি তুলছেন।

তালেবানরা ক্ষমতা দখলের পর বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। এরপর নতুন ব্যাটিং কোচও পায় রশিদ খানরা। এর আগে, আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন নৃশংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন রশিদ খান, মোহাম্মদ নবী এবং মুজিব জাদরানের মত ক্রিকেটাররা। তবে ইতিমধ্যেই নিজের বোল পাল্টেছেন বিশ্বসেরা স্পিনার রশিদ খান। আফগান ক্রিকেট নিয়ে হতাশা কেটে গেছে এই লেগ স্পিনারের। তালেবানরা আফগান ক্রিকেটকে থমকে যেতে দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কায় যেতে হবে আফগানিস্তানকে। তবে দেশের চলমান পরিস্থিতিতে আফগানিস্তান দলের ফ্লাইট নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। এই ইস্যুসহ বিভিন্ন ইস্যুতে টেস্ট ও ওয়ানডে অধিনায়কের সাথে বৈঠক করেছিলেন তালেবান নেতা আনাস হাক্কানি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.