আপিল আবেদনের ওকলাতনামায় মিন্নির সই

ওয়ান নিউজ ডেক্সঃ বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নির পক্ষে উচ্চ আদালতে আপিল আবেদনের প্রস্তুতি শুরু করা হয়েছে। বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে গত বুধবার ফাঁসির রায় ঘোষণার পরপরই মিন্নির আপিলের জন্য ওই আদালতেই আবেদন করেন মিন্নির আইনজীবী। বৃহস্পতিবার (১ অক্টোবর) কারাগার থেকে জেল কর্তৃপক্ষের মাধ্যমে ওকলাতনামায় মিন্নির স্বাক্ষর নেওয়া হয়।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, ‘আমরা ওকলাতনামায় মিন্নির সই ও স্বাক্ষর নিয়েছি। আদালত থেকে সই মোহরকৃত মামলার কপি পেলেই উচ্চ আদালতে যাব। এ জন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে।’

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর অভিযোগ করে বলেন, ‘আমরা জরুরি ভিত্তিতে আদালতের কাছে সইমোহরকৃত মামলার কপি চেয়েছি। কিন্তু তারা ইচ্চাকৃত কালক্ষেপণ করছেন।’

এর আগে গত বুধবার দুপুর পৌনে ২টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মিন্নিসহ ফাঁসির আদেশ পাওয়া আসামিরা হলেন- রিফাত ফরাজি, আল কাইউম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসান। আর খালাস পেয়েছেন মুসা, রাফিউল ইসলাম রাব্বি, মো. সাগর ও কামরুল ইসলাম ওরফে সাইমুন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ভূবন চন্দ্র হালদার এসব তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান।

এরপর রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী করেছিলেন নিহত রিফাতের বাবা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.