নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত উপজেলা টেকনাফের ৫ ইউনিয়ন তথা হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ সদর ও হোয়াইক্যংয়ে নির্বাচন ১৮ এপ্রিল। এই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা সরব। শুরু হয়েছে তাদের দোয়া, কুশল বিনিময় ও ভোট চাওয়ার প্রতিযোগিতা। পাশাপাশি চিহ্নিত ইয়াবা কারবারিদেরকেও মাঠে দেখা যাচ্ছে। তারাও চেয়ারম্যান, মেম্বার হওয়ার স্বপ্ন বুনছে।
বিশেষ করে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের তালিকাভুক্ত ও সদ্য কারা ফেরত স্বঘোষিত মাদক কারবারিরা ‘জনপ্রতিনিধি’ হতে চায়। সে জন্য তারা কোমর বেঁধে মাঠে নেমেছে। অনেকে মনোননয়নপত্র সংগ্রহ করেছে। কালো টাকার মালিকরা নির্বাচনি প্রচারণা চালাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছে।
নির্বাচনের তফসীলভুক্ত ৫ ইউনিয়নে অন্ত ৭৭ জন চিহ্নিত ইয়াবা কারবারি নির্বাচন করার ঘোষণা দিয়ে মাঠে তৎপরতা শুরু করছে বলে স্থানীয় সুত্র জানিয়েছে।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, টেকনাফ সদরে ১৭ জন, সাবরাংয়ে ১৪ জন, বাহারছড়ায় ৫ জন, হ্নীলায় ১১ জন, হোয়াইক্যংয়ে ৭ জন ও সেন্টমার্টিনে ৩ জন চেয়ারম্যান-মেম্বার প্রার্থী রয়েছে, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।
তাদের মধ্যে অন্যতম- শাহজাহান মিয়া, আবদুস শুক্কুর, এনামুল হক, আলী আহমদ, জিয়াউর রহমান।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজারের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহাবুবুর রহমান তার অনুভূতিতে জানিয়েছেন, ইয়াবা কারবারিরা প্রার্থী বা নির্বাচিত হলে মাদকরোধ অসম্ভব হবে। তাদের সামাজিকভাবে বয়কট দরকার। মাদক কারবারিদের প্রার্থিতা বাতিলের আইন প্রণয়নের দাবি সুজন সাধারণ সম্পাদকের।
খোঁজখবর নিয়ে জানা গেল, টেকনাফের সাবরাংয়ের আলী আহমদ (৩৮) আত্মস্বীকৃত একজন ইয়াবা কারবারি। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে আত্মসমর্পণ করেছিলেন।
আত্মসমপর্ণকৃত ১০২ জন মাদক কারবারির তালিকায় আলী আহমদের নাম ৯৩ নম্বরে। এ মামলায় তিনি দীর্ঘ দিন কারান্তরীনও ছিলেন। সম্প্রতি জামিনে মুক্ত হন।
আত্মস্বীকৃত ইয়াবা কারবারি আলী আহমদ আগামী ইউপি নির্বাচনে সাবরাং ৬ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শুরু করেছেন প্রচারণা।
সাধারণ মানুষের অভিযোগ, ইয়াবার টাকার বাহাদুরিতে নিজেকে শক্তিমান প্রার্থী হিসেবে মনে করছেন তিনি। টাকার ছড়াছড়ির আশঙ্কা করছে সাধারণ প্রার্থীরা।
আলী আহমদ সাবরাং ৬ নং ওয়ার্ডের ঝিনা পাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ কাশেমের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, আলী আহমদ বড় একজন কারবারি। তার হাত ধরে গড়ে ওঠেছে মাদক সিন্ডিকেট। যারা খুচরা, পাইকারি সব ধরণের মাদক পাচারে জড়িত। আগামী নির্বাচনে তার প্রার্থীতার খবরে বিস্ময় প্রকাশ করেছে এলাকাবাসী।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলী আহমদকে ফোন করলে নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ততা দেখিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। পরে কল করবেন বললেও করেন নি।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, কারা ফেরত স্বঘোষিত মাদক কারবারিদের নজরধারীতে রাখা হয়েছে। এদের জনপ্রতিনিধিত্বমূলক কাজে বয়কট করা দরকার। এ জন্য সামাজিক আন্দোলন প্রয়োজন আছে মনে করেন এসপি।
নির্বাচন অফিস সূত্রে মতে, টেকনাফ উপজেলার হ্নীলা, সাবরাং, সেন্টমার্টিন, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে গেল ৩ মার্চ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ। মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। ভোট গ্রহণ হবে ১১ এপ্রিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.