ওয়ান নিউজঃ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূরের অপসারণের দাবিতে আদালত বর্জন করেছেন আইনজীবীরা।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান ঢাকা আইনজীবী সমিতির নেতারা।
আইনজীবীদের দাবি, দীর্ঘদিন ধরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর বিভিন্ন সময় আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করে আসছেন। তিনি অদৃশ্য কোনো শক্তির আশ্রয়ে ঢাকার আদালত পাড়ায় রয়ে গেছেন বলে জানান তারা।
এর আগে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এক আইনজীবীকে আসামির লক-আপে দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ ওঠে। এ সময় আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষ থেকে সবাইকে বের করে তালা লাগিয়ে দেয় একদল আইনজীবী।
এর পর আইনজীবীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ সিএমএম আদালতের মূল গেটে তালা লাগিয়ে দেয়। ফলে সিএমএম আদালতের বিচারকাজ বন্ধ থাকে। পরে আসাদুজ্জামান নূরকে ছুটিতে পাঠানো হয় ।
এর আগে, মঙ্গলবার লক আপে আটকে রাখার অভিযোগে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বরাবর আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী রুবেল আহমেদ ভুঞা।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিচারক এজলাসে উঠবেন বলে জানান। কিন্তু ১১টার দিকেও বিচারক না ওঠায় বিষয়টি পেশকারের কাছে জানতে চাওয়ার জের ধরেই এ ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.