অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বানঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ওয়ান নিউজ ডেক্সঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে শিশুদের সংস্কৃতিচর্চা অপরিহার্য বলে উল্লেখ করেন তিনি।

রাজধানীর সেগুনবাগিচা স্বাধীনতা হলে আজ শুক্রবার নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরাম (এনবিজেএফ) আয়োজিত শিশু সংগঠক ও সাংবাদিক রফিকুল হকের (দাদু ভাই) স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী এ সময় রফিকুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শিশুদের প্রতিভা বিকাশে তাঁর ভূমিকা অনুসরণীয়।

শিশুপ্রতিভা বিকাশের লক্ষ্যে তথ্যমন্ত্রী বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানটি আবার চালু করার নির্দেশ দিয়েছেন বলে জানান। তিনি সংবাদপত্রগুলোতে সাপ্তাহিকভাবে শিশুতোষ পাতা প্রকাশের অনুরোধ করেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দেশে মাঝে মধ্যে যে জঙ্গিবাদ-মৌলবাদের আস্ফালন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা হয়, এসব আরও কমে যাবে যদি আমরা শিশুদের সংস্কৃতিমনা হিসেবে গড়তে পারি, তাদের ভেতরে আমাদের অসাম্প্রদায়িক চেতনা সঞ্চার করতে পারি।’

সাংবাদিকরা দেশের মানুষের মনন তৈরিতে সক্ষম উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের হাতে কলম রয়েছে, ক্যামেরাও রয়েছে। মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বিস্তারে কাজ করে তাঁরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা বজায় রাখতে বড় ভূমিকা রাখতে পারেন।

দৈনিক বর্তমানের নির্বাহী সম্পাদক ও এনবিজেএফের ভারপ্রাপ্ত সভাপতি নজমুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণসভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এম এ আজিজ ও সাবেক কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালসহ এনবিজেএফের সদস্যরা বক্তৃতা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.