নিজস্ব প্রতিবেদকঃ অবশেষে কক্সবাজার জেলা সদর হাসপাতালে বহু আকাঙ্ক্ষিত ১০ শয্যার আইসিইউ ও ৮ শয্যার এইচডিইউ’র উদ্বোধন করা হয়েছে।
১০ ভেন্টিলেটর সুবিধাসহ এ আইসিইউ সুবিধার কারণে করোনা মহামারির এসময়ে জেলার চিকিৎসা সুবিধা আরও একধাপ এগিয়ে গেছে।
শনিবার (২০ জুন) সকালে জুম কনফারেন্সের মাধ্যমে বিশেষায়িত ভেন্টিলেটর সমৃদ্ধ ১৮ শয্যার আইসিইউ ও এইচডিইউ’র উদ্বোধন করা হয়।
সকালে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য ও জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল এ আইসিইউ ও এইচডিইউ’র উদ্বোধন করেন।
এটি স্থাপনে আর্থিক ও কারিগরি সহায়তা দেয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সারওয়ার কমল বলেন, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের সপ্ন ছিল এ আইসিইউ। এ আইসিইউতে স্বাস্থ্যখাতে র্সবোচ্চমানের সহায়তা ও সেবা নিশ্চিত করা হবে। কক্সবাজারের মানুষকে আর চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না। আমরা এ সহযোগিতার জন্য ইউএনএইচসিআরকে ধন্যবাদ জানাই।
কক্সবাজাররে জেলা প্রশাসক মো. কামাল হোসনে বলেন, এ আইসিইউ উদ্বোধনের মাধ্যমে কক্সবাজারের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে কক্সবাজারের চিকিৎসাসেবার সক্ষমতা আরও এক ধাপ বেড়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানান, ইউএনএইচসিআর-এর সহযোগিতায় স্বয়ংসম্পূর্ণ ১০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ও ৮ শয্যার এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া এখানে রয়েছে ১০টি ‘ভেন্টিলেটর’।
তিনি বলেন, এ আইসিইউ সুবিধার কারণে কক্সবাজার সদর হাসপাতালে এখন থেকে করোনায় আক্রান্ত জটিল রোগীদের চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে। আগামী রোববার (২১ জুন) থেকে রোগীরা এ সুবিধা পাবেন।
মোহাম্মদ মহিউদ্দিন জানান, পুরাতন মেডিক্যাল কলেজ ভবনের ৫ম তলায় ‘আইসিইউ’ ও ‘এইচডিইউ’ ইউনিট স্থাপন করা হয়। এটি পরিচালনায় ব্যয় বহন করবে ইউএনএইচসিআর।
ইউএনএইচসিআর জানায়, ইতোমধ্যেই কক্সবাজারে দু’টি সিভিয়ার একিউট রেস্পিরেটরি ইনফেকশন আইসোলেশন অ্যান্ড ট্রিটমেন্ট সেন্টার (সারি আইটিসি) চালু করে বাংলাদেশি ও রোহিঙ্গা শরণার্থীদের চিকিৎসা দেওয়া শুরু করেছে। সেখান থেকে চিকিৎসা শেষ করে এরইমধ্যে ২৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এছাড়াও ইউএনএইচসিআর ও মানবিক কার্যক্রমে জড়িত সংস্থাগুলো সম্মুখ সারির স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, সহায়তা ও পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে।
ইউএনএইচসিআর-এর সিনিয়র অপারেশনস কোঅর্ডিনেটর হিনাকো টোকি বলেন, আজকের এ বিশ্ব শরণার্থী দিবসে আমরা স্মরণ করি পৃথিবীর সব শরণার্থীদের। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের। জীবন ও মর্যাদা রক্ষার লড়াই এবং তাদের দৃঢ় প্রত্যয়কে। আজকের এ সদর হাসপাতালের আইসিইউ উদ্বোধনই প্রমাণ করে এ বছরের বিশ্ব শরণার্থী দিবসের প্রতিপাদ্য ‘এভরিওয়ান ক্যান মেক আ ডিফরেন্স, এভরি অ্যাকশন কাউন্টস’ অর্থাৎ প্রতিটি কাজই গুরুত্বপূর্ণ আর প্রত্যেকেই পারে পরিবর্তন আনতে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.