চট্রগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিন (লোকোমোটিভ) ও শতাধিক গাড়ির যাবতীয় মেরামতের কাজ করা হয় চট্টগ্রামের ডিজেল শপে। রেলওয়ের বিভিন্ন বিভাগের মধ্যে এ বিভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ এ বিভাগটি এখন পড়েছে শক্তিশালী এক সিন্ডিকেটের খপ্পরে। তাদের ইশারায় এ ডিজেল শপ হয়ে উঠেছে অনিয়ম-দুর্নীতির জমজমাট হাট। অনিয়মই সেখানে নিয়ম। এভাবেই চলছে বছরের পর বছর। শক্ত এই সিন্ডিকেটের মূলে রয়েছেন নুরে আজম বাচ্চু নামের এক ঠিকাদার। মূলত তার ইশারাতেই চলে রেলের গুরুত্বপূর্ণ এ বিভাগটি।
জানা গেছে, টেন্ডার বাক্স ছাড়াই ডিজেল শপে চলছে টেন্ডারের কার্যক্রম। ট্রেনের ইঞ্জিনের জন্য একবারে একসেট নাট কিনে পাঁচবারের চাহিদা দেখিয়ে বিল তোলা হয় পাঁচ সেট নাটের— এমন কাণ্ডও ঘটছে সেখানে।
ডিজেল শপ থেকে ট্রাকভর্তি যন্ত্রাংশ বের করা হয়। নিয়ম থাকলেও নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয় না চালান। ফলে নিরাপত্তা বাহিনীর ‘এমটি খাতা’য় লেখা হয় না বের করে নিয়ে যাওয়া যন্ত্রাংশের হিসাব। মাল বের করার সময় বন্ধ রাখা হয় সিসিটিভি ক্যামেরাও। এমনকি সিন্ডিকেট প্রধানের অনুমতি ছাড়া ডিজেল শপে ঢুকতেও পারে না কেউ। ডিজেল শপে প্রবেশ নিয়ন্ত্রণে রয়েছে তাদের নিজস্ব ক্যাডার বাহিনীও।
অভিযোগ রয়েছে, রেলওয়ে ডিজেল ইলেকট্রিক লোকমোটিভ কারখানা শাখার তত্বাবধায়ক ও একটি ঠিকাদারি সিন্ডিকেটের সদস্যরা মিলেই এই কারখানার নামে বরাদ্দ থাকা কোটি কোটি টাকা লুটপাট করছে। যার নেতৃত্বে রয়েছেন নুরে আজম বাচ্চু নামে এক ঠিকাদার।
জানা গেছে, এ বিভাগটির ক্রয়খাতে বাজেট বরাদ্দ ছিলো ১৭ কোটি টাকা। সেখান ১৬ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৭৪০ টাকা ক্রয়খাতে ব্যয়ের নামে রীতিমতো লুটপাট চালায় এই চক্রটি। কোটি কোটি টাকার টেন্ডার ভাগাভাগির অর্ধেকের বেশি কাজ দখলে নেয় নুরে আজম বাচ্চুর ও তার ভাইয়ের প্রতিষ্ঠান। বাকি কাজ নেয় ৭ সদস্যের সিন্ডিকেট। গত এক বছর ধরে টেন্ডার বাক্সে না শিডিউল না ফেলেই তারা ভাগিয়ে নিয়েছে কাজ।
বিষয়টি স্বীকার করে ডিজেল শপের প্রধান অফিস সহকারী আব্দুল আজীজ প্রকাশ বড় বাবু বলেন, ‘এখানে কোন টেন্ডার বক্স নেই।’ আব্দুল আজিজের পদবি স্টেনো টাইপিস্ট। তিনি দায়িত্ব পালন করছেন প্রধান সহকারী ও গোডাউন ইনচার্জ হিসেবে।
জানা গেছে, রেলওয়ের ২৬৮টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে মিটার গেজ ১৭৮টি ও ব্রডগেজ লোকমোটিভ রয়েছে ৯০টি । এর মধ্যে ৭৫টি লোকমোটিভসহ ১২১টি গাড়ি মেরামত করা হয় এই ডিজেল শপে। এ বিভাগে ৩১৩ জন কর্মচারীর স্থলে কর্মরত ১৬০ জন।
প্রায় দেড় বছর ধরে ডিজেলশপের তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন রাজীব কুমার দেবনাথ। অভিযোগ রয়েছে, রাজীব কুমার দেবনাথ ও ঠিকাদার নুরে আজম বাচ্চু মিলে এই রেলওয়ের কারখানার যাবতীয় টেন্ডার কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন।
নুরে আজম বাচ্চুর ঠিকাদারি প্রতিষ্ঠান এএনএ ইন্জিনিয়ারিং। তার ভাই ঠিকাদার নুরুল করিম এলাহীর নামে রয়েছে এলাহী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মূলত এই দুটি প্রতিষ্ঠানই ডিজেল শপের অর্ধেক টেন্ডার হাতিয়ে নিচ্ছে।
এর বাইরে এই সিন্ডিকেটের সদস্য হিসেবে কাজ পাচ্ছেন মহিউদ্দিন বাদলের মেসার্স চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং, আব্দুর রশীদ ভুলুর মেসার্স ভুলু কেমিক্যাল অ্যান্ড ওয়ার্কস, মোজাম্মেল মেসার্স আর এম ইন্জিনিয়ারিং, ওসমান গনির বিউটি কোয়ালিটি রাবার, রফিকুল ইসলামের মেসার্স আরএম ইন্টারন্যাশনাল, সুভাষ চন্দ্রের মালিকানাধীন এইচ ডি ট্রেডার্স ও মোহাম্মদ জাহিদের মালিকানাধীন এমএস ইদ্রিস এন্ড ব্রাদার্স।
রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে কারখানা রয়েছে মোট ৪টি। এর মধ্যে ঢাকায় একটি, সৈয়দপুরে দুটি এবং চট্টগ্রামে একটি কারখানা রয়েছে। রেলওয়ের ২০১৯- ২০২০ অর্থবছরে ক্রয়খাতে ১৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
বছর শেষে দেখা যায়, ১৬ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৭৪০ টাকার মালামাল ক্রয়ের নামে সরকারি টাকার হরিলুট চলেছে। ডেমু মেরামত, ইঞ্জিন মেরামত, ইঞ্জিনে নতুন পার্টস লাগানো, ট্রাকশান মোটর মেরামত কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। এ কাজগুলোতেই সবচেয়ে বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। লোকোমোটিভে ব্যবহার করা নাট একবার কিনে পাঁচবার ভুয়া চাহিদা দেখিয়ে ক্রয় দেখানোর অভিযোগ রয়েছে রাজীব ও বাচ্চুর বিরুদ্ধে। এই সিন্ডিকেটের স্বার্থ দেখতে অনুগত স্টেনো টাইপিস্ট পদের আব্দুল আজীজকে গোডাউন ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
জানা গেছে, ট্রাক ভর্তি করে মূল্যবান যন্ত্রাংশ ও লোহা ডিজেল শপ থেকে বের করে নিয়ে গেলেও মূল ফটকের দায়িত্বে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের কোনো ধরনের চালানপত্র দেওয়া হয় না। ঠিকাদার নুরে আজম বাচ্চু ও কারখানার তত্ত্বাবধায়ক রাজীব কুমার দেবনাথের নির্দেশে চালানপত্র ছাড়াই মালামাল বাইরে নিয়ে যাওয়া হয়। এ কারণে নিরাপত্তা বাহিনীর ‘এমটি খাতা’য় লিপিবদ্ধ হয় না কিছুই। মালামাল বের করার সময় মূল ফটকে নিরাপত্তা বাহিনীর চৌকিতে থাকা সিসিটিভির দুটি ক্যামেরাও সাময়িক বন্ধ করে রাখা হয়। এছাড়া ডিজেল শপে ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হলেও এসব এখন করে রাখা হয়েছে বিকল।
অভিযোগ রয়েছে, ডিজেল শপে কোনো ব্যক্তি প্রবেশ করতে পারে না ঠিকাদার নুরে আজম বাচ্চুর অনুমতি ছাড়া। ডিজেল শপে প্রবেশ নিয়ন্ত্রণে বাচ্চুর রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী। তার কথার বিরুদ্ধে গেলেই হতে হয় লাঞ্ছিত।
এসব অভিযোগের বিষয়ে নুরে আজম বাচ্চু’র কাছে জানতে চাওয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। এ সময় তিনি বলেন, ‘আপনি আমাকে চেনেন না। আমি সারা বাংলাদেশে ব্যবসা করি। যে ঠিকাদার আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তাকে প্যান্ট খুলে পেটাবো।’
জানা গেছে, ডিজেল শপের তত্ত্বাবধায়ক রাজীব কুমার দেবনাথের অলিখিত ব্যবসায়িক পার্টনার এই বাচ্চু। প্রায় প্রতিদিনই সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার একটি অফিসে চলে তাদের ব্যবসায়িক হিসাবনিকেশ। রাজীবের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারির কথাও জানিয়েছেন বঞ্চিত ঠিকাদাররা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.