ওয়ান নিউজ ডেক্সঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের শরিক দলগুলোকে প্রায় ৬০টি আসন দিয়েছে আওয়ামী লীগ। এছাড়া ১৭টি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করে তাদের হাতেও মনোনয়নের চিঠি তুলে দিয়েছে দলটি। শনিবার নির্বাচন কমিশনে ৩০০ আসনে মনোনয়নের চূড়ান্ত তালিকা দেবে মহাজোট।
নির্বাচনে মহাজোটের সবচেয়ে বড় শরিক জাতীয় পার্টিকে ৪২টি, বাংলাদেশের ওয়াকার্স পার্টিকে ৫টি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) (ইনু) ৩টি, জাসদকে (আম্বিয়া) একটি, বাংলাদেশ তরিকত ফেডারেশনকে (বিটিএফ) ২টি, যুক্তফ্রন্টকে ৩টি এবং জাতীয় পার্টিকে (জেপি) ২টি আসন ছেড়ে দেয়া হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৫৫ থেকে ৬০টি হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের চিঠি হস্তান্তর শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘কারা মনোনায়ন পেলেন এ তালিকা শনিবার নির্বাচন কমিশনে জমা দেব। আওয়ামী লীগ সভাপতি ও দলের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়নের তালিকা ইসিতে জমা দেয়া হবে। তখন মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
জাতীয় পার্টি (এরশাদ) ছাড়া মহাজোটের শরিক সব দল নৌকা মার্কায় নির্বাচন করবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (ইনু)’র সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.