বেসামরিকদের ওপর প্রাণঘাতী হামলার নির্দেশ ছিল মিয়ানমারের জান্তা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
গত বছর সেনা অভ্যুত্থানের পরের দিন জান্তা প্রধান একটি বিশেষ কমান্ড গঠন করেছিলেন। এই কমান্ডই নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী হামলার জন্য এককভাবে দায়ী। মানবাধিকার গ্রুপ ফরটিফাই রাইটস এবং ইয়ালি ল স্কুলের স্কেল সেন্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

যৌথ অনুসন্ধানের পর গ্রুপ দুটি জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে জান্তা প্রধান স্নাইপারদের মোতায়েন করেছিলেন। একইসঙ্গে সেনাদের নির্বিচারে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত ১৯৩ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ২০২১ সালের পহেলা ফেব্রুয়ারির পরবর্তী ছয় মাসে সেনাবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারী, চিকিৎসাকর্মী, প্রত্যক্ষদর্শী, প্রাক্তন সামরিক ও পুলিশ সদস্যসহ বিভিন্ন উৎস থেকে ফাঁস হওয়া নথি এবং ১২৮টি সাক্ষ্য বিশ্লেষণ করা হয়েছে এতে।

তারা জানিয়েছেন, বিক্ষোভকারী, কর্মী এবং ক্ষমতাচ্যুত শাসক দলের সদস্যদের নির্বিচারে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে লিখিত নির্দেশ পাঠানো হয়েছিল।

ফরটিফাই রাইটসের প্রধান এবং প্রতিবেদনের সহলেখক ম্যাথু স্মিথ বলেছেন, ‘এই অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং বিচার হওয়া উচিত।’

মিয়ানমারের সামরিক বাহিনীর একজন মুখপাত্রের সঙ্গে প্রতিবেদনের বিষয়ে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.