৮১ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনশেষে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮১ রানে এগিয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকা। সপ্তম উইকেটে টেম্বা বাভুমা ও কুইন্টন ডি ককের ১৬০ রানের জুটিতে নিশ্চিত হয় প্রোটিয়াদের লিড। শুক্রবার প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩৪৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ২৬৮ রানে।
আগের দিনের ২ উইকেটে ২৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেছিল প্রোটিয়ারা। কিন্তু মধ্যাহ্ন বিরতির আগেই আরো ৪ উইকেট হারায় তারা। দিনের দ্বিতীয় ওভারে নাইটওয়াচম্যান কাগিসো রাবাদাকে (৯) ফেরান পেসার টিম সাউদি। এরপরে একে একে সাজঘরে ফেরেন জেপি ডুমিনি (১৬), হাশিম আমলা (২১) এবং অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি (২২)। ডুমিনিকে ফিরিয়েছেন নেইল ওয়াগনার। আরেক পেসার কলিন ডি গ্র্যান্ডহোম একাই ফিরিয়েছেন প্রোটিয়া ব্যাটিংয়ের দুই স্তম্ভ আমলা ও ডু প্লেসিকে। ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দক্ষিণ আফ্রিকার হাল ধরেন বাভুমা ও ডি কক।

সকালের শুরুতে নিউজিল্যান্ড পেসারদের মুখে যে হাসি ছিল তা মধ্যাহ্ন বিরতির পর মুছে দেন এই দুজন। সপ্তম উইকেট জুটিতে যোগ করেন ১৬০ রান। বাভুমা ও ডি কক দুজনেই পেয়েছেন হাফসেঞ্চুরি। টেস্টে বাভুমার এটি ষষ্ঠ হাফসেঞ্চুরি। আর ডি ককের অষ্টম। ডি কক তার স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ১১৮ বলে ১০ চার ও ৩ ছয়ে ৯১ রান করে আউট হয়েছেন দলীয় ২৫৪ রানে। তখনো নিউজিল্যান্ডের চেয়ে ১৪ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ভারনন ফিল্যান্ডারকে নিয়ে ৩৬ রানের জুটি গড়ে প্রোটিয়াদের লিড নিশ্চিত করেন বাভুমা। তিনি ১৬০ বলে ৮৯ রান করেছেন ৯ চারে। কিউই পেসার নেইল ওয়াগনারের শিকার হয়েছেন তিনি। বাভুমার পর কেশব মহারাজকে (১) ফিরিয়ে দিয়েছেন ওয়াগনার।
উইকেটে আছেন ফিল্যান্ডার ৩৬ এবং মর্নে মরকেল ৩১ রানে। দুজনের জুটিটা অবিচ্ছিন্ন ৪৭ রানের। নিউজিল্যান্ডের চার পেসার মিলে নিয়েছেন ৯ উইকেট। কলিন ডি গ্র্যান্ডহোম ও ওয়াগনার দুজনেই নিয়েছেন তিনটি করে উইকেট। সাউদি পেয়েছেন ২ উইকেট। জিমি নেশাম বাকি উইকেটটি নেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.