হেলিকপ্টারে ২০ দুর্গম কেন্দ্রে পৌঁছলো ভোটের সরঞ্জাম ও কর্মকর্তারা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

ওয়ান নিউজঃ সড়ক ও নৌপথে যোগাযোগবিহীন পাহাড়ি ও বনাঞ্চলঘেরা রাঙামাটির ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও ভোট গ্রহণ কর্মকর্তাদের পৌঁছে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে দুর্গম কেন্দ্রগুলোতে ধাপে ধাপে সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়। সর্বশেষে আজ মঙ্গলবার দুপুরে বিলাইছড়ি উপজেলার দুটি কেন্দ্রে হেলিকপ্টারে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো ২০টি অতি দুর্গম কেন্দ্রের মধ্যে ৬টি বাঘাইছড়ি উপজেলায়। সেগুলো হলো- শিজক দোজর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুইচুই সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেটলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নিউ লংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

এ ছাড়া বিলাইছড়ি উপজেলার ৫টি ভোটকেন্দ্রে সরঞ্জাম পাঠানো হয়েছে। এগুলো হলো— ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাড়াছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়থলি ইউনিয়নের বড়থলি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাংজং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইমংছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

জুরাছড়ি উপজেলায় পাঠানো হয়েছে আরও ৭টি দুর্গম ভোটকেন্দ্রের সরঞ্জাম। এসব কেন্দ্র হলো— শৈয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরেস্ট ভিলেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূয়াতলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়কলক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বগাখালী নিম্নমাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র।

বাকি ২টি কেন্দ্র বরকল উপজেলায়, শুকনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় (বড়হরিণা ইউনিয়ন) এবং সি এম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (আইমাছড়া ইউনিয়ন) কেন্দ্র।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসনাত জাহান খান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ এবং বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মংফোছা মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.