সু্ষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বানঃ সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
ওয়ান নিউজঃ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে যেকোনো সংঘাত এড়িয়ে জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন সিইসি। ভাষণটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও কমিশনের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, ভোটদান কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব।
প্রধান নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, দেশের ভোটাররা সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি স্বাভাবিক অংশ।’ এ বিষয়টি মাথায় রেখে উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি।
জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা ও নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিইসি বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয় সবাইকে সহজভাবে মেনে নিতে হবে।’ ব্যক্তিগত কষ্ট বা সীমাবদ্ধতাকে তুচ্ছ জ্ঞান করে জাতীয় নির্বাচনের এই কর্মযজ্ঞকে সফল করতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা, বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয় আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সবার সহযোগিতা করা উচিত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.