ওয়ান নিউজঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সাধারণত জাতীয় নির্বাচনের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন সিইসি।
ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ইসি জানিয়েছে।
এছাড়া দেশব্যাপী নির্বাচনী সামগ্রী বিতরণ ও ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের উপস্থিতি এবং কেন্দ্রে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেবেন।
একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করবেন সিইসি। গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.