শক্তিশালী ইসি গঠন নিয়ে আশাবাদী রাষ্ট্রপতি
ওয়ান নিউজঃ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের পর সবার মতামতের ভিত্তিতে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শেষদিনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। শেষ দিন তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও জাকের পার্টির সঙ্গে আলোচনা করেন। শেষদিনের সংলাপে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে সব নিবন্ধিত দলের একজন করে প্রতিনিধি নিয়ে সার্চ কমিটি গঠনের প্রস্তাব দেয়। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এ.এ মান্নানের নেতৃত্বাধীন নয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন গঠনে ছয় দফা প্রস্তাব পেশ করেছে।
আর বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এই এম কামরুজ্জামান খানের নেতৃত্বাধীন ১০ সদস্যের দল নির্বাচন কমিশনে নারী কমিশনার রাখার প্রস্তাব দিয়েছে।
এসময় রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন ফেব্রুয়ারির শুরুতেই বিদায় নিচ্ছে। ফলে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য ৩১ দলকে নিয়ে সংলাপ করেছেন রাষ্ট্রপতি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.