লম্বা সময় ব্যাট করার পরও যে কারণে কিপিংয়ে মুশফিক

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ বলতে গেলে বাংলাদেশের প্রথম ইনিংসের প্রায় পুরোটা সময়ই উইকেটে থাকতে হয়েছে মুশফিকুর রহীমকে। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু বাংলাদেশ যে রোববার সকালে ১১.১ ওভারেই হারিয়ে বসে ৩ উইকেট।

মুশফিকের তাই রোববার সকাল থেকেই লড়াই শুরু। সোমবার বাংলাদেশ যখন ৭ উইকেটে ৫২২ রান করে ইনিংস ঘোষণা করে, তখন মুশফিক অপরাজিত থেকে গেলেন ২১৯ রানে। সময়ের হিসেবে ৫৮৯ মিনিট ব্যাট করেছেন মুশফিক। কিন্তু এরপরও বোলিংয়ের সময় উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়ান তিনি।

অবশ্য চাইলেই নিজেকে একটু বিশ্রাম দিতে পারতেন উইকেট কিপিংয়ের মতো কঠিন কাজ থেকে। একাদশে লিটন দাস আছেন, যিনি পুরোদস্তর উইকেট কিপার। কিন্তু মুশফিক জানালেন শুধু দলের কথা ভেবেই দাঁড়িয়েছেন উইকেটের পিছনে, ‘কিপিং করেছি কারণ কোন উইকেটে ছিলাম এই ফিডব্যাক যেন আমি আমার বোলারদের দিতে পারি। আমি যত ইজিলি বুঝতে পারব অন্যরা পারবে না।’

দিনের শেষ ভাবে যে মাসাকাদজাকে ফিরালেন তাইজুল, সেটি মুশফিকের দেওয়া পরামর্শ থেকেই। মুশফিক নিজেই বললেন সেটি, ‘তাইজুল যখন একটা প্রান্ত থেকে বল করছিল, আমি বললাম যেন অন্যদিক থেকে করে। কারণ শন উইলিয়ামস যখন অন্য দিক থেকে বল করছিল বল একটু উঠছিল-নামছিল। ওই এন্ড থেকে লেফট আর্ম স্পিন কঠিন হবে। মাসাকাদজা কিন্তু ওই এন্ড থেকে আউট হয়। এটা নাও হতে পারত, কিন্তু এই টেস্টটা আমাদের যে কোনোভাবে জিততে হবে। সেটাই আর কী।’

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.