পাকিস্তানে চেষ্টা করেছিলেন ৫৩ বাংলাদেশি, দাম পেলেন শুধু ৪ জন

পিএসএল নিলাম

ওয়ান নিউজ স্পোর্টস ডেস্কঃ নিলামের আগেই সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসারকে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে দলে টেনেছিল লাহোর কালান্দার্স। পিএসএলের গতকালের নিলামে দল পেয়েছেন আরও তিন বাংলাদেশি- রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা।

এছাড়া নিলামে নাম উঠলেও সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম সাকিব কিংবা তাওহিদ হৃদয়দের মতো তারকাদের নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

গতকাল লাহোরের এক্সপো সেন্টারে হওয়া নিলের শুরুর দিকেই নাম উঠেছিল মিরাজের। কিন্তু তাঁকে নিয়ে কেউ আগ্রহ দেখায়নি। পরে রিশাদের নাম উঠলে তাঁকে নিয়ে কাড়াকাড়ি লেগে যায় করাচি ও রাওয়ালপিন্ডির মধ্যে। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপির ভিত্তিমূল্যের রিশাদকে ৩ কোটি পাকিস্তানি রুপিতে দলে নেয় রাওয়ালপিন্ডি।

অন্যদিকে পিএসএলে দল পাওয়া আরেক পেসার নাহিদ রানার ভিত্তিমূল্যও ছিল ১ কোটি ১০ লাখ রুপি। তবে শুরুতে এ পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। পরে দ্বিতীয়বার নিলামে উঠলে নাহিদ রানাকে ৬০ লাখ রুপিতে নিয়েছে পেশোয়ার জালমি।

নাহিদের মতো ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দল পেয়েছেন পারভেজ হোসেন ইমন। তাঁকে দলে টেনেছে মোস্তাফিজের দল লাহোর কালান্দার্স।

এবারের পিএসএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন মোট ৫৩ জন বাংলাদেশি ক্রিকেটার। কিন্তু নিলামে নাম উঠলেও তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম হাসান, শামীম হোসেনদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো দল। সাকিব, তাসকিনদের নাম দ্বিতীয় দফায় নিলামে উঠলেও শেষ পর্যন্ত অবিক্রীত থেকে যান তারা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.