ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ লোকি ফার্গুসনের বোলিং নৈপুণ্যে পাকিস্তানের ইনিংসের শেষ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেয় সফরকারী নিউজিল্যান্ড। কিন্তু ততক্ষণে চ্যালেঞ্জিং স্কোর জমা করে ফেলেছে সরফরাজ আহমেদের দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিততে কিউইদের ২৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে পাকিস্তান।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে চলছে ১-১ ব্যবধানে সমতা। প্রথম ম্যাচটি জিতেছিল নিউজিল্যান্ড। পরের ম্যাচ জিতে কেন উইলিয়ামসনদের বিপক্ষে টানা ১২ ম্যাচ হারের বৃত্ত ভাঙার পাশাপাশি সিরিজে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। তবে রবিবার সিরিজের শেষ ম্যাচে চোটের কারণে নেই নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন।
আগের ম্যাচে চোট পাওয়া ইমাম-উল-হকের জায়গায় এ ম্যাচে ওপেনিংয়ে মোহাম্মদ হাফিজ সঙ্গী হন ফখর জামানের। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। পাকিস্তান পায় বড় সংগ্রহের ভিত। দলীয় ৯৮ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ফখর পান সিরিজে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। বাঁহাতি এই ব্যাটসম্যান খেলেন ৭৭ বলে ৬৫ রানের ইনিংস।
এরপর তৃতীয় উইকেটে ১০৮ রান যোগ করেন বাবর আজম ও হারিস সোহেল। আগের দুই ম্যাচ না খেলা সোহেল ৫৯ বলে করেন ৬০ রান। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মাঠে নামা বাবর জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তাকে ব্যক্তিগত ৯২ রানে আউট করেন ১০ ওভারের কোটায় ৮০ রান দেওয়া ট্রেন্ট বোল্ট।
বাবরের ১০০ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়। এরপর ইনিংসের শেষ ওভারে পাকিস্তানের ৩ উইকেট তুলে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট শিকারের স্বাদ পান ফার্গুসন। সব মিলিয়ে ৪৫ রানে ৫ উইকেট পান তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ২৭৯/৮ (৫০ ওভারে) (ফখর ৬৫, হাফিজ ১৯, বাবর ৯২, সোহেল ৬০, মালিক ১৮, আসিফ ৯, ফাহিম ৫, হাসান ২, সরফরাজ ১*; হেনরি ১/৫৩, বোল্ট ১/৮০, ফার্গুসন ৫/৪৫, গ্র্যান্ডহোম ১/৩৪, সোধি ০/৫১, মুনরো ০/১৫)।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.