‘নিজেই নিজের শত্রুতা করলে অন্য কেউ আসবে না দলকে বাঁচাতে’

ওয়ান নিউজ ডেক্সঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আওয়ামী লীগ নিজেই নিজের শত্রুতা করলে কেউই দলকে বাঁচাতে আসবে না।

অন্যদিকে আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউই আমাদের উন্নয়ন অভিযাত্রাকে থামাতে পারবে না। ওবায়দুল কাদের আজ বন্দর নগরীর একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যদান কালে এ কথা বলেন।

জেলার বাঁশখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা যে শক্তি দেখিয়েছে তাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোন শক্তি নেই।

আগামী দেড় বছর পর যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকল অভ্যন্তরীণ বিরোধ ও গ্রপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

দেশের মানুষকে খুশি করা আওয়ামী লীগের বর্তমান প্রধান লক্ষ্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের কেউ কারো সাথে কোন অসদাচারণ করে থাকলে তার কাছে গিয়ে ক্ষমা চান। কারণ প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের জন্য মানুষের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। দলীয় কতিপয় লোকের খারাপ কাজের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন ও দেশের উন্নয়নমূলক কর্মকান্ড ম্লান হতে পারে না।-বাসস।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.