কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া উপজেলায় বজ্রাপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন দুইজন। মৃতরা হলেন—কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়ার জাকের উল্লাহর ছেলে মো. আক্কাস (২২), দক্ষিণ ধুরুং কাঁচা এলাকার ছাবের আহমদের ছেলে মো. করিম (২৮) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরৎ ঘোনা এলাকার মো. হোসেনের ছেলে রমজান আলী (৪২)।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ফিশিং বোটের মালামাল কিনতে বাঁশখালী যাওয়ার পর বজ্রাপাতের কবলে পড়েন চারজন। এতে সবাই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক আক্কাস ও করিমকে মৃত ঘোষণা করেন। আহত ইমতিয়াজ ও রমিজকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন, উপজেলায় বজ্রাঘাতে দুইজনের মৃত্যুর বিষয়টি শুনেছি।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউনুছ চৌধুরী জানান, মাছ ধরার সময় বজ্রাপাতে গুরুতর আহত হন পেকুয়ার রমজান আলী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.