এইচএসসি পরীক্ষা ২ এপ্রিল রবিবার থেকে শুরু

ওয়ান নিউজঃ সারাদেশে আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হলেও এবার ওই দিন শনিবার হওয়ায় এক দিন পরে এই পরীক্ষা শুরু হচ্ছে।

মঙ্গলবার (২৮ মার্চ) আসন্ন উচ্চ মাধ্যমিক (এইচ এস সি) ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব তথ্য জানানো হয়েছে।

সময়সূচিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী, এসএসসির মতো এইচএসসিতে প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩০ নম্বরের এমসিকিউ অংশের সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল অংশের সময় আড়াই ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

তবে ব্যবহারিক থাকা বিষয়ে পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের জন্য সময় দুই ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।

এমসিকিউ ও সৃজনশীল উভয় অংশের মাঝে কোনো বিরতি থাকবে না। পরীক্ষা শুরুর ১৫ মিনিট আগে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনীর ওএমআর শিট দেয়া হবে। এইচএসসির লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.