আপত্তিকর ছবি ফেসবুকে : কলেজছাত্রীর আত্মহত্যা

ইয়ানুর রহমান : যশোরের মণিরামপুর উপজেলায় ইতি মল্লিক (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ায় সে আত্মহত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

 

ইতি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের স্বপন মল্লিকের মেয়ে। উপজেলার মুক্তেশ্বরী কলেজ থেকে এবার তার এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল।

 

শনিবার বিকেলে পুলিশ ইতির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে।

 

কলেজ ছাত্রীর পিতা স্বপন মল্লিক জানান, শুক্রবার রাত ৯টার দিকে কুমারসীমা গ্রামের প্রদীপ মল্লিকের ছেলে শিমুল মল্লিক তাকে ফোন করে জানায়- তার মেয়ে ইতি মল্লিকের আপত্তিকর ছবি দেখতে চাইলে ফেসবুকে দেখতে পারেন। ফোন পেয়ে তিনি মেয়ের কাছে ঘটনা জানতে চান। শনিবার সকালে তাদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে ইতি।

 

এ ব্যাপারে মুঠোফোনে শিমুল বিশ্বাসের কাছে জানতে চাইলে সে জানায়, শুক্রবার রাতে সাগর বিশ্বাস নামে ফেসবুক আইডি থেকে ইতির আপত্তিকর ছবি তার ফেসবুক (শিমুল মল্লিকের) আইডিতে ট্যাগ করা হয়। এরপর ওই রাতেই বিষয়টি ইতির পিতাকে জানানো হয়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম জানান, শনিবার দুপুরে কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। আর ছবির ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

 

মুক্তেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রবীর মল্লিক বলেন, শুনেছি আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেয়ায় ইতি আত্মহত্যা করেছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.