ওয়ান নিউজ ডেক্সঃ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) কাছে এখনো দ্বিতীয় ক্যাটাগরিতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এই বাধা ডিঙাতে না পারায় এখনো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড় দূরত্বের ফ্লাইট পরিচালনা করতে পারছে না রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বেবিচক সূত্র জানিয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আইকাও’র প্রতিনিধি দল শাহজালাল বিমানবন্দরের সর্বশেষ মানোন্নয়ন সরেজমিন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে গেছেন। সফরকারী দল প্রতিবেদন দিলেই বাধা অতিক্রম করবে বেবিচক। তারপরই শুরু হবে টরেন্টো নিউইয়র্কসহ ইউরোপে সরাসরি ফ্লাইট। ফলে বহুল প্রতীক্ষিত ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট চালু আপাতত সম্ভব হবে।
বিমান সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে দ্বিতীয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ হংসবলাকা যুক্ত হয়েছে ১ ডিসেম্বর। এর আগে গত ১৯ আগস্ট রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সে যুক্ত হয় ড্রিমলাইনার আকাশবীণা। আপাতত কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুট দিয়ে এর বাণিজ্যিক ফ্লাইট শুরু হলেও আকাশবীণা ও হংসবলাকা দিয়ে দূর পাল্লার রুট পরিচালনা করবে বিমান।
বিমান সূত্রে জানা গেছে, দূরের বড় বড় রুটে অনুমতি পাবার আগে গুয়াংজু, লন্ডনসহ বেশকিছু গুরুত্বপূর্ণ রুটে এই উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের। তৃতীয় ও চতুর্থ ড্রিমলাইনার গাঙচিল ও রাজহংস যুক্ত হবে আগামী বছরের সেপ্টেম্বরে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মর্শাল নাইম হাসান বলেন, আমরা প্রথম ক্যাটগরি পাওয়ার সব সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। আইকাও’র সদ্য সফরকারী প্রতিনিধিদল তাই দেখে গেছেন। তারা আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রতিবেদন দিলেই আমরা বড় রুটে যেতে পারবো।
এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বলেন, দু’টি ড্রিমলাইনার বিমানের বহরে যুক্ত হওয়ার পর বিমানের বড় দূরত্বে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সক্ষমতা বাড়লো, এখন আমরা বিমানবন্দরের ক্যাটাগরি পরিবর্তনের পানে চেয়ে আছি।
জানা গেছে, ক্যাটাগরি জটিলতার কারণে লন্ডন রুটেই এখন পর্যন্ত সীমাবদ্ধ রাষ্ট্রীয় এই সংস্থাটির বিমান। অথচ ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিমানের বহরে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ যুক্ত করার মূল উদ্দেশ্যই ছিল বড় দূরত্বের রুটগুলো চালু করা।
জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) সব শর্ত পরিপালন করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে বিমান। ইউরোপ আমেরিকায় বিভিন্ন স্থানে অনেক বাংলাদেশি রয়েছেন। সব দিক থেকে আমরা এগোচ্ছি। এই ধারা অব্যাহত থাকলে নিকট ভবিষ্যতে বিমান দূরপাল্লার কয়েকটি রুটে চলাচল করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.